জিপে বসেই দেখা মিলবে পাহাড়ের ভূতের, লাদাখে আসছে দেশের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি!

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর নিয়ে আসছে লাদাখ। এবার বরফাবৃত পাহাড়ের বুক চিরে জিপে বসেই দেখা যাবে অধরা ‘পাহাড়ের ভূত’ অর্থাৎ দুর্লভ তুষারচিতা। পর্যটকদের বন্যপ্রাণী দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে এবং পরিবেশ সুরক্ষায় লাদাখে চালু হতে চলেছে ভারতের প্রথম হাই-অল্টিটিউড ওয়াইল্ডলাইফ সাফারি। লাদাখ বন দফতর ইতিমধ্যে হেমিস ন্যাশনাল পার্ক, চাংথাং, নুব্রা ও কার্গিলের মতো সম্ভাব্য রুটগুলি চিহ্নিত করেছে। এই বিশেষ সাফারিতে ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল নিষিদ্ধ করে বিশেষভাবে তৈরি ওপেন-ব্যাক জিপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বন্যপ্রাণী পর্যটনকে আরও সুরক্ষিত করবে।
প্রায় ৪৭৭টি তুষারচিতা সমৃদ্ধ লাদাখে এই উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। ‘স্নো লেপার্ড অ্যান্ড হাই-অলটিটিউড নেচার কনজারভেশন সোসাইটি’-র তত্ত্বাবধানে নির্বাচিত যুবকদের বার্ড-স্পটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনিয়ন্ত্রিত অফ-রোডিং ও পরিবেশের ক্ষতি রোধ করতেই এই সুসংগঠিত পদক্ষেপ। আগামী দিনে লাদাখ ভ্রমণকে আরও বেশি রোমাঞ্চকর ও দায়িত্বশীল করে তুলতে এই অনন্য জঙ্গল সাফারি এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।