শাবকের টানে লোকালয়ে ছুটে এসে মর্মান্তিক পরিণতি, প্রাণ হারাল মা গন্ডার!

শাবকের টানে লোকালয়ে ছুটে এসে মর্মান্তিক পরিণতি, প্রাণ হারাল মা গন্ডার!

মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটায় জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি মা গন্ডার ও তার শাবক লোকালয়ে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শাবকটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে হারিয়ে যায়। সন্তানকে হন্যে হয়ে খুঁজতে গিয়ে দিশেহারা মা গন্ডারটি ফালাকাটার বিভিন্ন এলাকায় উন্মত্তের মতো ছোটাছুটি শুরু করে। একাধিক বাড়ি ও দেওয়ালে ধাক্কা খেয়ে সে গুরুতর আহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শেষ পর্যন্ত একটি রেশন ডিলারের পেছনের বাঁশঝাড়ের মধ্যে আশ্রয় নেয় ক্লান্ত ও আহত গন্ডারটি। সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। মৃত গন্ডারটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই আকস্মিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। মা গন্ডারের এই করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। একই সঙ্গে নিখোঁজ শাবকটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে চিরুনি তল্লাশি শুরু করেছে বনদপ্তর। গন্ডারের আকস্মিক হানায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি বর্তমানে বনকর্মীদের কঠোর নজরদারিতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *