ব্যাঙ্কের লকারে রাখা ৫০ লক্ষ টাকার গয়না হাওয়া! ২৩ বছর পর সিকিউরিটি বক্স খুলতেই আঁতকে উঠলেন মহিলা?

উত্তরপ্রদেশের কানপুরে স্টেট ব্যাঙ্কের লকারে রাখা প্রায় ৫০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২০০৩ সালে স্বামী প্রয়াত বিনোদ অরোরার সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভানকোরে একটি অ্যাকাউন্ট খুলে ২৩ নম্বর লকারটি নিয়েছিলেন ৫৫ বছরের রশ্মি অরোরা। স্বামী মারা যাওয়ার পর তিনি কানপুর ছেড়ে লখনউয়ে মেয়ের কাছে চলে যান। দীর্ঘদিন ব্যাঙ্কে যাতায়াত না থাকলেও লকারের ভাড়া গ্রাহকের অ্যাকাউন্ট থেকেই নিয়মিত কেটে নেওয়া হচ্ছিল এবং একসময় অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। সম্প্রতি ব্যাঙ্কে গিয়ে লকার খুলতেই সেটির ভিতর সম্পূর্ণ শূন্য দেখতে পান তিনি।
ব্যাঙ্কের লকারে গয়না না পেয়ে হতবাক ওই মহিলা অবিলম্বে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও কর্মীদের বিরুদ্ধে গয়না আত্মসাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ লকার সংক্রান্ত সমস্ত নথি, রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। কানপুরের ডিসিপি অতুল শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাঙ্ককর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত বছর ধরে নিয়মিত লকারের ভাড়া কাটা সত্ত্বেও কীভাবে সুরক্ষিত ভল্ট থেকে কোটি টাকার সম্পদ উধাও হয়ে গেল, তা নিয়ে বর্তমানে জোরদার তদন্ত চলছে।