দাড়িভিটের দুই শহিদ ছাত্রকে সম্মান জানাতে ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজ্যে কি নতুন ভাষা দিবস পালন শুরু হবে!

দাড়িভিটের দুই শহিদ ছাত্রকে সম্মান জানাতে ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজ্যে কি নতুন ভাষা দিবস পালন শুরু হবে!

আট বছর আগে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণ। তাঁদের সেই আত্মবলিদানকে স্মরণ করতে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২০ সেপ্টেম্বর দিনটিকে ‘পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সম্প্রতি হলদিয়ায় অনুষ্ঠিত সংগঠনের দক্ষিণবঙ্গ প্রদেশের কার্যকারিণী বৈঠকে এই মর্মে একটি জোরালো প্রস্তাব গৃহীত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি এই নতুন দিবস পালনের দাবি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

হলদিয়ার ওই বৈঠকে শিক্ষা ও সমাজ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি দাড়িভিটের ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ২০১৮ সালের সেই মর্মান্তিক ঘটনার সময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আন্দোলন করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎকালীন সময়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিরোধী শিবির। এবার এবিভিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই দুই ছাত্রের মৃত্যুদিনকে বিশেষ মর্যাদায় ভূষিত করার দাবি তোলা হলো। সংগঠনের দাবি, এই উদ্যোগ রাজ্যবাসীর মনে ভাষাপ্রেম ও শহিদদের প্রতি শ্রদ্ধা আরও সুদৃঢ় করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *