জল-ধূলোতেও নষ্ট হবে না! আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট!

দেশের সাধারণ মানুষের লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। জল বা ধুলোয় সহজে নষ্ট না হওয়া এবং দীর্ঘস্থায়ী ১০ ও ২০ টাকার পলিমার বা প্লাস্টিকের নোট বাজারে আনার অনুমোদন দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, ফিল্ড ট্রায়ালের জন্য ১০০ কোটি প্লাস্টিক নোট বাজারে ছাড়ার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরবিআই অ্যাক্ট ১৯৩৪-এর ২৫ নম্বর ধারার আওতায় এই অনুমোদন মিলেছে। এই পলিমার নোটগুলি সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই হওয়ায় ঘন ঘন বদলানোর প্রয়োজন পড়বে না।
অন্যদিকে, নতুন এই নোট নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগলেও সরকার স্পষ্ট করেছে যে এখনই কাগজের নোট সম্পূর্ণ বন্ধ হচ্ছে না। নতুন প্লাস্টিক নোটগুলির পাশাপাশি পুরনো কাগজের নোটগুলিও স্বাভাবিক নিয়মেই প্রচলিত থাকবে। উন্নত সিকিউরিটি ফিচার থাকায় জালিয়াতি রোখা এবং বিপুল পরিমাণ মুদ্রণ খরচ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফিল্ড ট্রায়ালের প্রাথমিক পর্যায় চলায় ঠিক কবে থেকে সাধারণ মানুষের হাতে এই প্লাস্টিকের নোট পৌঁছাবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি।