ব্রেকফাস্টে বড় ধাক্কা! ১৭ অগাস্ট থেকে দামি পাউরুটি: জেনে নিন হাফ পাউন্ডের নতুন দর

সকালের টিফিন থেকে বাচ্চাদের স্যান্ডউইচ— আমজনতার দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী পাউরুটির দাম বাড়তে চলেছে রাজ্যে। আগামী ১৭ অগাস্ট থেকে লাগু হচ্ছে এই বর্ধিত দাম। ‘জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন’-এর সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণেই পাউরুটির দাম বাড়ানোর এই পথ বেছে নিতে হয়েছে।
নতুন ও পুরোনো দামের তালিকা:
- ১ পাউন্ড ( ৪০০ গ্রাম স্লাইস পাউরুটি): আগে দাম ছিল ৩২ টাকা, ৪ টাকা বেড়ে নতুন দাম ৩৬ টাকা।
- হাফ পাউন্ড (২০০ গ্রাম পাউরুটি): আগে দাম ছিল ১৬ টাকা, ২ টাকা বেড়ে নতুন দাম ১৮ টাকা।
- ১০০ গ্রাম পাউরুটি: আগে দাম ছিল ৮ টাকা, ২ টাকা বেড়ে নতুন দাম ১০ টাকা।
কেন বাড়ানো হলো দাম?
অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, গত এক মাসে পাউরুটি তৈরির মূল উপাদানগুলোর দাম অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতি কেজিতে ময়দার দাম প্রায় ৬ টাকা, চিনির দাম প্রায় ১০ টাকা এবং ভোজ্যতেলের দাম প্রায় ৮ টাকা করে বেড়েছে। পাশাপাশি প্যাকেজিং সামগ্রীর খরচ বেড়ে যাওয়াও এই দাম বৃদ্ধির অন্যতম কারণ।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গে ২০২৪ সালে পাউরুটির দাম বাড়ানো হয়েছিল। প্রায় দু’বছর পর ফের এই দাম বৃদ্ধি বেকারি শিল্পের পাশাপাশি সাধারণ মধ্যবিত্তের পকেটেও চাপ সৃষ্টি করতে চলেছে।