‘দেখলেই বমি পায়!’ হাওড়ার বেহাল দশা নিয়ে বিধানসভায় গর্জে উঠলেন অগ্নিমিত্রা পল!

বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে হাওড়া পুরসভা সংক্রান্ত ওয়ার্ড পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিল পেশের সময় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বিগত সরকারকে চড়া সুরে আক্রমণ করেন। হাওড়ার জলজমা সমস্যা ও জঞ্জালের হাল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ড্রেন পরিষ্কার করতে গিয়ে রাশি রাশি প্লাস্টিক পাওয়া যাচ্ছে এবং ভ্যাটগুলোর অবস্থা এতটাই খারাপ যে দেখলেই বমি পায়। দীর্ঘ ১৫ বছর ধরে হাওড়ার মানুষ যথাযথ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঠিক পরিষেবা নিশ্চিত করতে ওয়ার্ড বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন মন্ত্রী। তিনি জানান, আগে যেখানে একটি পরিবারে কম সদস্য ছিল, বর্তমানে সদস্য বাড়লেও জলের লাইন বা পরিকাঠামো অপরিবর্তিত রয়ে গেছে। বড় ওয়ার্ডগুলিকে ছোট করে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই এই পুনর্বিন্যাস জরুরি ছিল। সমস্ত আলোচনা শেষে বিধানসভায় ধ্বনিভোটে হাওড়া পুরসভা সংক্রান্ত এই বিল পাশ হয়ে যায়।