ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় বাজি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি! কোন মেগা মামলায় পেলেন এই দায়িত্ব?

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় বাজি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি! কোন মেগা মামলায় পেলেন এই দায়িত্ব?

আন্তর্জাতিক মহলে বড়সড় চমক দিয়ে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বড় দায়িত্ব দিল রাশিয়া। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওশ্চাদব্যাঙ্কের দায়ের করা কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ মামলায় রাশিয়ার হয়ে সালিশকারক বা নিরপেক্ষ আইনবিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। তিন সদস্যের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে, যেখানে কোস্টা রিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী দিয়ালা জিমেনেজ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং গ্রিসের অধ্যাপক স্তাভ্রোস ব্রেকৌলাকিস ওশ্চাদব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে রয়েছেন।

মূলত ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে ওশ্চাদব্যাঙ্কের সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে এই মামলা শুরু হয়েছে। ১৯৯৮ সালের রাশিয়া-ইউক্রেন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ওই ব্যাঙ্কটি। এর আগে রাশিয়ার তরফ থেকে অন্য দুটি মামলার প্রস্তাব পেলেও বিভিন্ন কারণে তা গ্রহণ করেননি প্রাক্তন প্রধান বিচারপতি। বর্তমান এই আন্তর্জাতিক মামলার রায় কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে পুরো বিশ্বের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *