মুহূর্তেই ফাটতে পারত অ্যাপেন্ডিক্স! চরম ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অবিশ্বাস্য সাফল্য রানাঘাট হাসপাতালে!

যে কোনো মুহূর্তে ফেটে গিয়ে প্রাণ সংশয় ঘটাতে পারত ছয় বছরের এক শিশুর অ্যাপেন্ডিক্স। উন্নত কোনো হাসপাতালে স্থানান্তরের সময় বা সুযোগ না থাকায় চরম ঝুঁকি নিয়েই রানাঘাট মহকুমা হাসপাতালে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বয়সে অত্যন্ত ছোট হওয়ায় ওই শিশুকে অস্ত্রোপচারের পূর্বে সঠিক মাত্রায় অ্যানেস্থেসিয়া দেওয়া চিকিৎসকদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই কঠিন অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে।
গত সোমবার রাতে মারাত্মক পেটের ব্যথা নিয়ে ওই শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের দ্রুত পরীক্ষায় ধরা পড়ে যে তার অ্যাপেন্ডিক্সের অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তা যেকোনো মুহূর্তে ফেটে মারাত্মক বিপদের সৃষ্টি করতে পারে। হাসপাতালের পরিকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসকরা সাহসিকতার সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং তা সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে নাবালিকা সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী নিজে গিয়ে তাকে দেখে এসেছেন। চিকিৎসকদের মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।