কানওয়ার যাত্রা শেষ! হরিদ্বারে জমল ৭ হাজার টন আবর্জনা ও হাজার হাজার প্রস্রাবের বোতল

কানওয়ার যাত্রা শেষ! হরিদ্বারে জমল ৭ হাজার টন আবর্জনা ও হাজার হাজার প্রস্রাবের বোতল

চলতি বছরের পবিত্র কানওয়ার যাত্রা সমাপ্ত হওয়ার পর দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে দেখা মিলেছে এক উদ্বেগজনক চিত্র। শ্রাবণ মাসে গঙ্গা থেকে জল সংগ্রহের উদ্দেশ্যে হরিদ্বারে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রীর সমাগম ঘটেছিল। তবে আরাধনা শেষে ভক্তদের ফেলে যাওয়া সামগ্রীর জেরে হরিদ্বারের শতাধিক ঘাটে সাত হাজার টনেরও বেশি আবর্জনার স্তূপ জমে উঠেছে। গঙ্গার ঘাটজুড়ে পরিত্যক্ত পোশাক, প্লাস্টিকের সামগ্রী এবং কানওয়ারের কাঠামো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর মধ্যে বিখ্যাত ‘হর কি পৌড়ি’ ঘাটের অবস্থাও অত্যন্ত শোচনীয়। বিশেষ করে, অস্থায়ী পোশাক পরিবর্তনের ছাউনিগুলিতে অসংখ্য প্লাস্টিকের বোতলে প্রস্রাব ভরা অবস্থায় ডাঁই হয়ে থাকতে দেখা গেছে। বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মীদের মাস্ক ও গ্লাভস ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তা পরিষ্কার করতে দেখা যায়।

পবিত্র গঙ্গার ঘাট ও এর আশপাশের এলাকার এই চরম দুর্গতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, হরিদ্বারের ডাম্পিং গ্রাউন্ডে ইতিমধ্যেই প্রায় সাত হাজার টন বর্জ্য স্থানান্তর করা হয়েছে, যার ফলে সেখানে বর্জ্যের একটি বিশাল পাহাড়ের সৃষ্টি হয়েছে। পৌর কমিশনার নন্দন কুমার জানিয়েছেন, শিবরাত্রির পর থেকেই ঘাট, পার্কিং ও রাস্তাঘাট পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট দলগুলি সারা রাত ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। শুধু হরিদ্বার বা ঋষিকেশ নয়, গঙ্গোত্রীর মতো সংবেদনশীল পাহাড়ি অঞ্চলেও প্রায় ৫৭ হাজার তীর্থযাত্রীর ফেলে যাওয়া বর্জ্য জমা হয়েছে। পরিবেশবিদদের মতে, পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে এই বিপুল পরিমাণ আবর্জনা স্থানীয় উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *