২৯৯ টাকার প্ল্যান গায়েব! হঠাৎ এ কোন বড় ধাক্কা দিল এয়ারটেল?

ভারতজুড়ে প্রিপেইড রিচার্জ প্ল্যানে বড় পরিবর্তন এনেছে টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল। সংস্থাটি তাদের ২৯৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার অত্যন্ত জনপ্রিয় চারটি রিচার্জ প্ল্যান চিরতরে বন্ধ করে দিয়েছে। এর ফলে প্রিপেইড গ্রাহকদের পছন্দের বিকল্প অনেকটাই কমে গেল এবং একই ধরনের পরিষেবা পেতে পকেট থেকে প্রায় ১৬ শতাংশ বেশি অর্থ খরচ করতে হবে। বিশেষ করে নিয়মিত ২৯৯ টাকার প্ল্যান ব্যবহারকারীদের এখন বাধ্যতামূলকভাবে ৩৪৯ টাকার নতুন রিচার্জ বেছে নিতে হচ্ছে।
যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন এই ৩৪৯ টাকার প্ল্যানে আগের তুলনায় বেশি সুবিধা মিলবে। আগের ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া গেলেও, নতুন প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি অর্থাৎ অতিরিক্ত ৫০০ এমবি ডেটা দেওয়া হচ্ছে। মূলত ‘অ্যাভারেজ রেভেন্যু পার ইউজার’ বা এআরপিইউ বাড়ানোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ করেছে টেলিকম অপারেটরটি। একসাথে সব প্ল্যানের দাম না বাড়িয়ে, তুলনামূলক বেশি ডেটাযুক্ত প্ল্যান সামনে এনে মাথাপিছু আয় বৃদ্ধির পথেই হাঁটছে জনপ্রিয় এই সংস্থাটি।