মমতা জমানার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল! আদালতের বড় ধাক্কায় রাজ্যে কি তবে বড় পরিবর্তন?

কলকাতা হাই কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইস্যু করা সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। বুধবার বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করে। এই ঐতিহাসিক রায়ের ফলে রাজ্যে ওবিসির দু’টি ক্যাটাগরি আর থাকছে না এবং শুধুমাত্র একটি ওবিসি ক্যাটাগরি বহাল রইল। ২০১১ সালে পালাবদলের পর তৎকালীন সরকারের তৈরি করা এই ক্যাটাগরি ও শংসাপত্রগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই ও বিতর্ক চলছিল।
২০১০ সালের পর থেকে জারি হওয়া এই শংসাপত্রগুলি ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর মামলাটি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় কলকাতা হাই কোর্টে ফিরে আসে। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত মামলা তুলে নিলে, শীর্ষ আদালত বিচারপতি মান্থার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে শুনানির নির্দেশ দেয়। বুধবারের এই রায়ের ফলে বর্তমান একক ক্যাটাগরি ব্যবস্থাই চূড়ান্ত হলো এবং যাঁদের কাছে এই বাতিল হওয়া শংসাপত্রগুলি রয়েছে, তাঁরা এখন থেকে সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।