বদলাল ভেন্যু! ২২ আগস্ট শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!

কলকাতার পরিবর্তে এবার শিলিগুড়ির উপকণ্ঠ কাওয়াখালিতে বসছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রদর্শনী। আগামী ২২ আগস্ট শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সফর ও অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন এবং দার্জিলিং জেলা পুলিশ যৌথভাবে প্রস্তুতি শুরু করেছে। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে একাধিক কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশে কলকাতার পরিবর্তে শিলিগুড়িতে এই অনুষ্ঠান স্থানান্তরিত করা হয়েছে। আগামী ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যেখানে বিএনএসের উপর প্রস্তুত করা ১৫ থেকে ২০ মিনিটের একটি নাটক প্রতিদিন চার থেকে পাঁচবার মঞ্চস্থ করবেন স্থানীয় শিল্পী অমিতাভ কাঞ্জিলাল ও তাঁর টিম। সাধারণ মানুষের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে ব্যানার, পোস্টার এবং নাটকের মাধ্যমে জোরদার প্রচার চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।