মধ্যরাতে ইস্তফা ভাইস চেয়ারম্যানের! বড়সড় সংকটে জলপাইগুড়ির পুরবোর্ড?

জলপাইগুড়ি পুরসভায় রাজনৈতিক অস্থিরতা ও সংকট এখন চরমে উঠেছে। গতকাল মধ্যরাতে সদরের মহকুমা শাসক মঈন আহমেদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ভাইস চেয়ারম্যান দীনেশ রাউত। এর আগে দুই কাউন্সিলার পদত্যাগ করায় এবং আগামীকাল অনাস্থা বৈঠক ডাকার সময়সীমা শেষ হওয়ার মুখে ভাইস চেয়ারম্যানের এই পদত্যাগ বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সংকট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পুরবোর্ডের বিভিন্ন কাজকর্মে অস্বচ্ছতা ও নিয়মভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই পুলিশি তদন্ত চলছে। পাশাপাশি সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে স্পেশাল অডিটের দাবিতে মহকুমা শাসককে চিঠি দিয়েছে বিরোধী দল বিজেপি।
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে দ্রুত ভোটাভুটির দাবিতে ইতিমধ্যেই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন একদা সৈকত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলাররাই। অথচ গত ১২ দিন ধরে পুরসভায় পা রাখছেন না চেয়ারম্যান, যার ফলে পুরোপুরি ভেঙে পড়েছে জনসেবা ও নাগরিক পরিষেবা। ২৫ জন কাউন্সিলার বিশিষ্ট এই পুরসভায় তৃণমূলের ১৭ জন কাউন্সিলারই এখন বিরোধী শিবিরে ভিড়েছেন। অনাস্থা আবহে তৈরি হওয়া এই তীব্র রাজনৈতিক টানাপোড়েন ও বিশৃঙ্খলায় জলপাইগুড়ি পৌরসভার দৈনন্দিন কাজকর্ম এখন পুরোপুরি লাটে উঠেছে।