ভেন্টিলেটর সংকটে কাড়ল ১০ শিশুর প্রাণ! অবশেষে কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের

ভেন্টিলেটর সংকটে কাড়ল ১০ শিশুর প্রাণ! অবশেষে কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরপর দু’দিনে ১০ জন শিশুমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন। গত ২ ও ৩ আগস্ট ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অযৌক্তিক রেফারের প্রবণতাকে দায়ী করলেও, স্বাস্থ্যভবন পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। জানা গিয়েছে, মৃত শিশুদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ভেন্টিলেটর পরিষেবা না পাওয়ার কারণে। ১৮টি ভেন্টিলেটর থাকলেও দীর্ঘদিন ধরে ব্যাটারির অভাবে ১০টি ভেন্টিলেটর অকেজো হয়ে পড়ে ছিল। অবিলম্বে এই ১০টি ভেন্টিলেটর মেরামত করে সচল করার কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। একইসঙ্গে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে হাসপাতালে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রিন্সিপাল ডাঃ সুজয় মিস্ত্রি দাবি করেছেন, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র একজনের জন্ম এই হাসপাতালে হয়েছিল। বাকি শিশুরা বিহার এবং বিভিন্ন জেলা থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রেফার হয়ে এসেছিল। রেফার করার আগে ভেন্টিলেটর বা অন্যান্য পরিষেবার প্রাপ্যতা সম্পর্কে কোনো খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অনেক শিশুর অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক কমে যাওয়ার পরও তাদের ঝুঁকি নিয়ে পাঠানো হয়েছিল। এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার পাশাপাশি বিনা কারণে রোগী রেফার করার প্রবণতা রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *