অনড় দুই পক্ষ, সংসদে নজিরবিহীন ‘উলটপুরাণ’! আলোচনার প্রস্তাবেও কেন না বলছে বিরোধী শিবির?

সরকার ও বিরোধী শিবিরের তীব্র অনড় অবস্থানের জেরে সম্পূর্ণ ‘ওয়াশ আউট’ হওয়ার পথে সংসদের চলতি বাদল অধিবেশন। বিতর্কিত ইস্যুতে আলোচনার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার স্পিকারকে চিঠি দিলেও নিজেদের দাবিতে অটল বিরোধী দলগুলি। বিরোধীদের স্পষ্ট বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংশোধনী বিল পাসের সময়েই যাবতীয় আলোচনা সম্পন্ন হয়েছে এবং সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন না। ফলে নতুন করে আলোচনার আর কোনো প্রয়োজন নেই, বরং ছররা গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সংসদে বিবৃতি দিতে হবে।
অন্যদিকে, বিরোধীরা নীতিগত আলোচনায় রাজি থাকলে বাদল অধিবেশনের মেয়াদ বাড়াতেও প্রস্তুত সরকার পক্ষ। তবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে আগ্রহী নন। এই অবস্থানকে সংসদের ‘উলটপুরাণ’ আখ্যা দিয়ে সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানান, সাধারণত বিরোধীরা আলোচনার দাবি জানায়, অথচ এবার সরকার আগ্রহী হলেও বিরোধী শিবির পিছিয়ে আসছে। অধিবেশন মুলতবির পর প্রথা মেনে স্পিকারের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত সৌজন্যমূলক চা-চক্রে রাহুল গান্ধী যোগ দেন কি না, এখন রাজনৈতিক মহলের নজর সেদিকেই।