কেন্দ্রীয় সরকারি কর্মী ঘুষ চাইলেই সরাসরি জানান CBI-কে! দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মিলল জোড়া নম্বর

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে তোলাবাজি ও ঘুষ নেওয়া রুখতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ব্যাঙ্ক, ডাকঘর, রেল কিংবা আয়কর বিভাগের মতো যেকোনো কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ঘুষ চাইলে সাধারণ মানুষ এখন থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন সিবিআই-এর কলকাতার দুর্নীতি দমন শাখায়। এই উদ্দেশ্যে নিজাম প্যালেস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে নোটিস ও ব্যানার টাঙিয়ে জনসংযোগ বাড়াচ্ছে সংস্থাটি। যে কোনো সাধারণ নাগরিক ফোন করে ঘুষের অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার স্পষ্ট আশ্বাস দিয়েছে সিবিআই।
সরাসরি অভিযোগ জানানোর জন্য সিবিআই দুটি নির্দিষ্ট নম্বর প্রকাশ করেছে। নম্বর দুটি হলো ০৩৩-২২৮৯-৪৪০৩ এবং ৯০৫১৬১৩৪৫৬, যেখানে কল করে সোজা অভিযোগ দায়ের করা যাবে। পূর্বে সাধারণ সম্মতি (জেনারেল কনসেন্ট) প্রত্যাহারজনিত জটিলতার কারণে কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত থমকে গেলেও, তা পুনরায় চালু হতেই সিবিআই তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমজনতার হয়রানি বন্ধ করতে এবং প্রশাসনিক দুর্নীতি নির্মূল করতেই তদন্তকারী সংস্থার এই বিশেষ উদ্যোগ।