১৭ বার বদল হয়েছে ভারতের জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসের আগে জেনে নিন অজানা ইতিহাস

১৭ বার বদল হয়েছে ভারতের জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসের আগে জেনে নিন অজানা ইতিহাস

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার বিবর্তন নিয়ে পাঠ্যবইয়ের বাইরেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। আসানসোলের প্রয়াত গবেষক ও প্রাক্তন রেলকর্মী কালীশংকর ভট্টাচার্যের অপ্রকাশিত বিশাল গবেষণা থেকে জানা যায়, ভারতবর্ষের প্রস্তাবিত ও উত্তোলিত জাতীয় পতাকার রূপ পরিবর্তিত হয়েছে ১৭ বার। সারা বিশ্বের ৪২২টি পতাকা নিয়ে গবেষণা করে এই বিষয়ে প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। ১৮৮৩ সালে প্রথম প্রস্তাবিত সাদা বর্গাকার পতাকা থেকে শুরু করে ১৯০৭ সালে জার্মানিতে মাদাম কামার উত্তোলিত সপ্তর্ষি পতাকা কিংবা ভগিনী নিবেদিতা ও মহাত্মা গান্ধীর প্রস্তাবিত বিভিন্ন নকশার পতাকা—সবকিছুর দুর্লভ ইতিহাস ও মডেল সংরক্ষিত রয়েছে তাঁর আসানসোলের গোপালপুরের বাড়িতে।

ব্রিটিশ শাসনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বারবার বদলেছে জাতীয় পতাকার রূপ ও রং। অবশেষে ১৯৪৭ সালের ২২ আগস্ট বর্তমান ত্রিবর্ণ পতাকায় ২৪ স্পোকের নীল অশোক চক্র যুক্ত হয়, যা জওহরলাল নেহরুর পছন্দে স্বীকৃতি পায়। সারাজীবন দেশ-বিদেশে সমাদৃত হলেও জীবদ্দশায় সরকারি সম্মান পাননি কালীশংকরবাবু। তবে তাঁর পরিবারের একান্ত চাওয়া, এই অমূল্য গবেষণা ও ইতিহাস আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে তাঁর কাজের উপযুক্ত সরকারি স্বীকৃতি দেওয়া হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *