রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বদলিতে বিরাট চমক! মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া মিলবে না প্রমোশন

রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি ও বদলির নিয়মে বড়সড় পরিবর্তন আনল প্রশাসন। এখন থেকে ২০১৯ সালের বেতন কাঠামো অনুযায়ী লেভেল-২২ এবং তার উপরের পদে প্রমোশনের ক্ষেত্রে কেবল দফতরের সিদ্ধান্তই যথেষ্ট হবে না, প্রয়োজন পড়বে সরাসরি মুখ্যমন্ত্রীর অনুমোদনের। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর সমস্ত সরকারি বিভাগকে নির্দেশ দিয়েছে যে, এই সংক্রান্ত প্রস্তাবের ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাতে হবে। এ ছাড়া, এই স্তরের পদগুলির বিস্তারিত বিবরণ এবং শেষ পদোন্নতির তথ্য আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
অন্যদিকে, কর্মীদের বদলির ক্ষেত্রেও একাধিক নতুন নীতি সক্রিয় করা হয়েছে। ফিল্ড লেভেল থেকে এক্সটেনশন অফিসার পদের জন্য ‘নিজের জেলায় পোস্টিং নয়’ নিয়ম প্রযোজ্য হবে, তবে অবসরের আগের দুই বছরে প্রশাসনিক প্রয়োজনে এতে ছাড় দেওয়া যেতে পারে। কোনো পদে টানা তিন বছর দায়িত্ব পালনের পরই বদলি বিবেচনা করা হবে এবং চার বছরের বেশি কাউকে একই পদে রাখা যাবে না। রাজস্ব আদায়ের মতো সংবেদনশীল পদে সময়সীমা আরও কম হবে, যেখানে প্রশাসনিক সুবিধার পাশাপাশি জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।