তিরুপতিতে দেওয়াল কেটে ২০০ আইফোন চুরি! ফরাক্কায় তল্লাশিতেই ফাঁস চাঞ্চল্যকর পাচারচক্র

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মোবাইল শোরুমের দেওয়াল কেটে চুরির চাঞ্চল্যকর ঘটনার কিনারা করল পুলিশ। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দুশোটি বহুমূল্য আইফোন। গত ৮ অগস্ট তিরুপতির ওই বিপণিতে হানা দিয়ে বিপুল সংখ্যক ফোন নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে মোবাইলগুলির গতিবিধি ট্র্যাক করে পুলিশ জানতে পারে সেগুলি বাংলায় নিয়ে আসা হয়েছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কার লোহাপাট্টি এলাকায় যৌথ অভিযান চালিয়ে চারজন পাচারকারীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া আইফোনগুলির আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিরুপতি থেকে চুরি করা এই বহুমূল্য ফোনগুলি ফরাক্কার মাধ্যমে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এই অপরাধ চক্রের সঙ্গে বড় কোনো নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। দুই রাজ্যের পুলিশের এই সফল যৌথ অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে চলেছে।