কন্যারত্নে বড় সিদ্ধান্ত: ভাতা বেড়ে দ্বিগুণ, আগামী শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুলের ২০ লক্ষের বেশি ছাত্রী পাবে ২,০০০ টাকা

কন্যারত্নে বড় সিদ্ধান্ত: ভাতা বেড়ে দ্বিগুণ, আগামী শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুলের ২০ লক্ষের বেশি ছাত্রী পাবে ২,০০০ টাকা

রাজ্যের সরকারি স্কুলের ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘কন্যারত্ন’ (পূর্বতন ‘কন্যাশ্রী’) প্রকল্পের আওতায় ১৩ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক উৎসাহ ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বর্ধিত ভাতা দেওয়া হবে। শুক্রবার ধনধান্য প্রেক্ষাগৃহে ‘কন্যারত্ন দিবস’-এর অনুষ্ঠানে এই সংক্রান্ত সিদ্ধান্ত জানান তিনি।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী উপকৃত হবে। এর মধ্যে প্রথম দফায় তথ্য যাচাই সম্পন্ন হওয়া ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ট্রান্সফার করার কাজ শুরু হয়েছে, যার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাকিদের তথ্য যাচাই সম্পন্ন হলেই টাকা পৌঁছে যাবে। পাশাপাশি, ১৮ বছর বয়স অতিক্রম করা এবং উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা চালু রাখা ১ লক্ষ ২৯ হাজার ছাত্রীকে এককালীন ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির সূচনা করেন এবং মহিলাদের জন্য ১৮১ হেল্পলাইন নম্বর চালু করেন। এছাড়া কর্মজীবী মায়েদের সুবিধার্থে শিশুদের পুষ্টি ও প্রারম্ভিক বিকাশের লক্ষ্যে ‘পালনা’ নামক অঙ্গনওয়াড়ি কাম ক্রেশ উদ্যোগের উদ্বোধন করা হয়। উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল এবং ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালু রাখার কথাও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী মালতী রাভা রায়, অগ্নিমিত্রা পালসহ বিভিন্ন কর্মকর্তা ও চারটি জেলার প্রায় ১,৬০০ ছাত্রী উপস্থিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *