মাঝরাতে সার্কিট হাউস ছাড়ার চাপ! মহুয়া মৈত্রকে ঘিরে কৃষ্ণনগরে তুলকালাম!

স্বাধীনতা দিবসের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বাইরে ‘গো ব্যাক’ স্লোগান এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। সাংসদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাত দশটার সময় হঠাৎ ঘর খালি করে চলে যাওয়ার চাপ দেওয়া হয় এবং সে সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাও ছিল না। ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি কোনওভাবেই ঘর ছাড়বেন না। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের পর থেকেই কৃষ্ণনগরের সাধারণ মানুষ মহুয়া মৈত্রকে পাশে পাচ্ছেন না। সাংসদ হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করছেন না এবং দিনের বেলায় তাঁকে এলাকায় খুঁজে পাওয়া যায় না বলেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ। কৃষ্ণনগর মণ্ডল-১ যুব মোর্চার সভাপতি রাজু রক্ষিত দাবি করেন, সাংসদের সাহস থাকলে সাধারণ মানুষের সামনে এসে দেখা করা উচিত। এই আকস্মিক ঘটনায় সার্কিট হাউস চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।