হেরেও অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা! ৩৭০ কোটির রহস্যময় লেনদেনে তোলপাড় তৃণমূল

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৭০ কোটি টাকা রহস্যজনকভাবে জমা পড়াকে কেন্দ্র করে চরম বিতর্ক শুরু হয়েছে। ঘাসফুল শিবিরের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকা সত্ত্বেও কীভাবে এই বিপুল অর্থ এল এবং এতদিন তা কোথায় ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তাদের দাবি, এত বড় অঙ্কের লেনদেনের উৎস, জমা পড়ার সময় ও ব্যবহারের উদ্দেশ্য স্পষ্ট করতে অবিলম্বে অডিট প্রয়োজন। পাশাপাশি, কালীঘাট তৃণমূল কার্যালয়ের ভাড়া এবং ২৫০ জন কর্মীর মাসিক বিপুল বেতন প্রদানের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে গোটা বিষয়টিতে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।
দলীয় এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বিরোধী শিবির স্পষ্ট জানিয়েছে, সংশ্লিষ্ট লেনদেনের সব নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও খরচের হিসাব নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং আদালতের দ্বারস্থ হওয়া হবে। এমনকি কালীঘাট তৃণমূলের তরফে আদালতে দেওয়া কার্যালয় ভাড়া ও কর্মী বেতনের হিসাব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এত বড় অঙ্কের টাকা ক্যাশ নাকি ব্যাঙ্ক মারফতে দেওয়া হতো, তা নিয়েও উঠে আসছে প্রশ্ন। কালীঘাট তৃণমূল এই বিষয়ে এখনও নীরব থাকলেও, ৩৭০ কোটির রহস্যময় উৎসের তদন্তই আগামী দিনে রাজ্য রাজনীতির গতিপথ নির্ধারণ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।