পাস-আউটদের দখলে হস্টেল আর নেশার আড্ডা! স্বাস্থ্যভবনের দ্বারস্থ চিকিৎসকরা!

পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজের হস্টেলগুলিতে দীর্ঘদিনের অব্যবস্থা ও অনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্যভবনের দ্বারস্থ হলো রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন বা এনএমও। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন ডা: ইন্দ্রজিৎ সাহার সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, পড়াশোনা শেষ হওয়ার পরেও বহু পাস-আউট ছাত্র বছরের পর বছর ধরে হস্টেলের রুম দখল করে বসে রয়েছেন। এর ফলে হস্টেলে নতুন ছাত্রছাত্রীরা পর্যাপ্ত বেড পাচ্ছে না। পাশাপাশি, এই রুমগুলির মধ্যে কয়েকটি নেশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছে সংগঠনটি।
সংগঠনের দাবি, হস্টেলগুলির রুম অ্যালটমেন্টের দায়িত্ব সম্পূর্ণভাবে কলেজ কর্তৃপক্ষের হাতে থাকা উচিত, যাতে কোনো সিনিয়র ছাত্রের মাধ্যমে দুর্নীতির সুযোগ না থাকে। এছাড়াও হস্টেলের বাথরুমগুলির চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নতুন শিক্ষাবর্ষে ভর্তির আগেই পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন ডিএমই। চিকিৎসকদের এই প্রতিবাদের জেরে হস্টেল ব্যবস্থার চিত্র বদলায় কি না, এখন সেটাই দেখার বিষয়।