স্বাধীনতা দিবসের সকালেই পাল্টে গেল আবহাওয়া! উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলায় ভারী বৃষ্টির চরম সতর্কতা?

স্বাধীনতা দিবসের ভোর থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা এবং শহরের একাধিক এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে আবহাওয়াবিদরা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং বজ্রপাতের কারণে আজ সারাদিনই রাজ্যজুড়ে আর্দ্র ও ভেজা আবহাওয়া বজায় থাকবে।