লালকেল্লায় বিস্ফোরক ‘ফ্র্যাজাইল ৫’ প্রসঙ্গ! কংগ্রেসের জমানাকে কড়া ভাষায় আক্রমণ মোদির!

স্বাধীনতা দিবসের লালকেল্লার ভাষণে দেশের অতীতের অর্থনৈতিক দুর্বলতা ও বর্তমান সাফল্যের তুলনামূলক চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে বিশ্বমঞ্চে ভারতের ‘ভঙ্গুর পাঁচ’ বা ‘ফ্র্যাজাইল ৫’ এর তালিকায় থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরাসরি নিশানা করেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী জানান, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার সংকটে জর্জরিত সেই অবস্থা থেকে বেরিয়ে আজ বিশ্বমঞ্চে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত। গত এক দশকে দেশের এই অভাবনীয় অর্থনৈতিক পরিবর্তন এক নতুন দিশা দেখিয়েছে।
২০১৩ সালে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক মরগান স্ট্যানলি বাহ্যিক অর্থনৈতিক আঘাতে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের অর্থনীতি বোঝাতে ‘ফ্র্যাজাইল ৫’ শব্দবন্ধটি প্রবর্তন করেছিল, যার মধ্যে ভারতও অন্তর্ভুক্ত ছিল। ইউপিএ জমানায় কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি এবং বৈদেশিক পুঁজির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জেরে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। তবে ২০১৪ সালের পর থেকে ভারত সেই কালো অধ্যায় পেছনে ফেলে দ্রুত ঘুরে দাঁড়ায়। বৈদেশিক মুদ্রা ভাণ্ডার শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর প্রশংসাও কুড়ায় দেশ।