টানা দুই বছর লালকেল্লার অনুষ্ঠান বয়কট! রাহুল ও খাড়গেকে ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতি

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এড়িয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত এই ঐতিহাসিক লালকেল্লার অনুষ্ঠানে টানা দ্বিতীয়বারের মতো দুই শীর্ষ কংগ্রেস নেতার অনুপস্থিতি ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত খাড়গের আসন নির্ধারণ করা হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় সারিতে। প্রবীণ এই নেতার বয়সজনিত শারীরিক অসুস্থতা ও চলাফেরার সুবিধার কথা বিবেচনা করে তিনি লালকেল্লার অনুষ্ঠানে অংশ না নিয়ে দিল্লির কংগ্রেস সদর দফতরে পতাকা উত্তোলন করাকেই প্রাধান্য দেন। অন্যদিকে, বিগত বছরগুলোর মতো এবারও প্রোটোকল ও আসন বিন্যাস কেন্দ্রিক জটিলতার কারণেই দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস হাইকমান্ড।
কংগ্রেস নেতৃত্বের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। বিজেপি নেতা আরপি সিং প্রশ্ন তোলেন, সংসদের কার্যক্রমে নিয়মিত অংশ নেওয়া সত্ত্বেও কেন জাতীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এড়িয়ে চলার নীতি নিচ্ছেন খাড়গে। প্রসঙ্গত, ২০২৪ সালেও লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে পেছনের সারিতে আসন দেওয়া নিয়ে কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছিল। যদিও সেই সময় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, অলিম্পিক জয়ীদের সম্মানিত করতে সামনের সারি নির্দিষ্ট রাখা হয়েছিল।
বিশ্লেষকদের একাংশের মতে, বর্তমান সরকারের আয়োজিত অনুষ্ঠান বয়কট করা কংগ্রেসের জন্য নতুন কিছু নয়। এর আগে নতুন সংসদ ভবনের উদ্বোধন কিংবা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানেও কংগ্রেস দূরত্ব বজায় রেখেছিল। তবে স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে শীর্ষ দুই বিরোধী নেতার এই অনুপস্থিতি যে সরকারি দল ও বিরোধীদের মধ্যকার সম্পর্কের তিক্ততা আরও বাড়াল, তা স্পষ্ট।