গান্ধীঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারতের বার্তা রাজ্যপালের!

স্বাধীনতা দিবসের সকালেই ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধীঘাটে এক বিশেষ এবং ঐতিহ্যবাহী দৃশ্যের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। ৮০তম স্বাধীনতা উদযাপনে ব্যারাকপুরের এই পবিত্র গান্ধী ঘাটে স্বয়ং চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার জোরালো বার্তা দিলেন রাজ্যপাল আর এন রবি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী, স্থানীয় বিধায়ক কৌস্তুভ বাগচী, রত্না দেবনাথ এবং নগরপাল অমিত কুমার সিং-সহ একাধিক বিশিষ্ট প্রশাসনিক আধিকারিক।
ব্রিটিশ বিরোধী স্বদেশি আন্দোলনের অমূল্য সাক্ষ্য বহন করা এই গান্ধীঘাটে এদিন এক বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীর দেখানো পথে বিদেশি বস্ত্র বর্জন এবং দেশীয় খাদি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার সেই ঐতিহাসিক অহিংস ভাবনাই এদিন ফের নতুন করে প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমৃদ্ধি কামনার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।