পুরুলিয়াতেই কোটি কোটি টাকার গুপ্তধন! মাটির নিচে যা মিলল তা চমকে দেবে আপনাকেও

পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দার্জিলিংয়ে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদের ভাণ্ডার, যা বদলে দিতে পারে রাজ্য তথা দেশের অর্থনীতি। সম্প্রতি সংসদে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (GSI) পুরুলিয়া ও বাঁকুড়ায় একাধিক সমীক্ষা প্রকল্প পরিচালনা করছে। বিশেষ করে ২০২০-২১ মেয়াদের অনুসন্ধানে পুরুলিয়ার কালাপাথর-রঘুডিহ ব্লকে প্রায় ০.৬৭ মিলিয়ন টন খনিজের সন্ধান মিলেছে, যার মধ্যে ০.১৯ শতাংশ অত্যন্ত মূল্যবান ‘রেয়ার আর্থ’ বা বিরল মৃত্তিকা মৌল বিদ্যমান। ইলেকট্রনিক পণ্য, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, যুদ্ধবিমান থেকে শুরু করে পারমাণবিক সাবমেরিনের মতো আধুনিক প্রযুক্তি তৈরিতে এই উপাদান অপরিহার্য।
তবে এই বিপুল সম্ভাবনাময় খনিজ ভাণ্ডার থাকা সত্ত্বেও আটকে রয়েছে এর উত্তোলনের প্রক্রিয়া। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কালাপাথর-রঘুডিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় পুরো নিলাম কার্যক্রম বর্তমানে স্থগিত হয়ে আছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে এই বিরল খনিজের প্রায় ৯০ শতাংশ চিনের দখলে রয়েছে। ভারতে প্রযুক্তির জোয়ার আনতে ২০২৫ সালের জানুয়ারিতে ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ চালু করা হলেও, রাজ্য সরকারের থেকে প্রয়োজনীয় ডেটা না মেলায় পুরুলিয়ার এই খনিজ ভাণ্ডার কাজে লাগানো সম্ভব হচ্ছে না।