দুষ্কৃতীদের বোমাবাজি ও গুলিতে খুন কংগ্রেস নেতা আনিসুর ও তাঁর ছেলে, রাজ্য জুড়ে কালাদিবসের ডাক

দুষ্কৃতীদের বোমাবাজি ও গুলিতে খুন কংগ্রেস নেতা আনিসুর ও তাঁর ছেলে, রাজ্য জুড়ে কালাদিবসের ডাক

নদিয়ার নাকাশিপাড়ায় এক নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং তাঁর ছেলে, আইনের ছাত্র আবু সুফিয়ান। শনিবার রাতে বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাঁদের চারচাকা গাড়ি আটকে অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতীরা প্রথমে বোমা ছোড়ে ও এলোপাথাড়ি গুলি চালায়। এরপর বাবা ও ছেলেকে গাড়ি থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা উভয়কেই মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই পরিকল্পিত জোড়া হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ও পুলিশ সুপার ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছান। অপরাধীদের চিহ্নিত করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার রাজ্য জুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *