‘জিতলে দলেই থাকতাম!’ দলবদল নিয়ে এবার বিস্ফোরক স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের

‘জিতলে দলেই থাকতাম!’ দলবদল নিয়ে এবার বিস্ফোরক স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের

রাজনীতিতে আবার তুমুল জল্পনা উসকে দিলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন তিনি। সম্প্রতি চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ‘ভারতমাতার পুজো’য় অংশ নিয়ে দলবদল প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেন রচনা। অকপট স্বীকারোক্তি দিয়ে তিনি জানান, ছাব্বিশের নির্বাচনে তৃণমূল জয়ী হলে তিনি পুরনো দলেই থেকে যেতেন। তবে রাজনৈতিক সমীকরণ বদলালেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা যে অমলিন, সে কথা প্রকাশ করতেও ভোলেননি হুগলির এই সাংসদ।

মূলত সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতেই এই সিদ্ধান্ত বলে দাবি রচনার। তৃণমূলে থাকাকালীন তহবিল ও আর্থিক সমস্যায় কাজ থমকে থাকার অভিযোগ তুলে তিনি জানান, কেন্দ্র-রাজ্যের পারস্পরিক টানাপোড়েন এড়াতে এবং এলাকার উন্নয়ন গতিশীল রাখতে ‘ডাবল ইঞ্জিন’ সরকার জরুরি। বিজেপি বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে বকেয়া কাজ শেষ করতেই তাঁর এই পদক্ষেপ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দক্ষতার প্রশংসাও শোনা যায় রচনার মুখে। পাশাপাশি অতীতে নিজের ‘আরবানা’ সম্পর্কিত মন্তব্যের জন্য আফসোস ব্যক্ত করে রাজনীতি ও ব্যক্তিগত বিতর্কের সমাপ্তি টানতে চান এই তারকা সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *