চলন্ত ট্রেনে চরম তাণ্ডব বাঙালি অভিনেত্রীর! অশালীন আচরণ ও ব্লেড উঁচিয়ে আরপিএফ কর্তার উপর হামলা!

মুম্বই থেকে সুরাটগামী আরাবল্লী এক্সপ্রেসে স্লিপার ক্লাসের টিকিট নিয়ে এসি কামরায় ওঠাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি করলেন হিন্দি বিনোদন জগতের পরিচিত মুখ তথা বাঙালি মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। সহযাত্রীর সঙ্গে বচসার জেরে পরিস্থিতি সামলাতে রেল সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরা এগিয়ে এলে তাঁদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে। মেজাজ হারিয়ে আচমকাই তিনি ধারালো রেজার ব্লেড বের করে আরপিএফ আধিকারিক ইয়ামিনিকান্ত মিশ্রের ওপর আক্রমণ চালান, যার ফলে ওই আধিকারিক জখম হন।
উত্তপ্ত পরিস্থিতিতে নিজের পোশাক খুলে ফেলার চেষ্টা, আরপিএফ অফিসারের ইউনিফর্ম টানাটানি এবং কামরার জানালার কাচ ভাঙার মতো একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দাহানু রোড স্টেশনে অন্তরাকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে বোরিভালি রেল পুলিশ সরকারি কর্মচারীর কাজে বাধা দান ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাতের ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করে। জনপ্রিয় একাধিক মেগা ধারাবাহিক ও ছবিতে কাজ করা এই বঙ্গতনয়া অবশ্য আইনি প্রক্রিয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।