রাজ্যে ১০০ দিনের বিজেপি সরকার: ২০ অগস্ট বঙ্গ সফরে অমিত শাহ, নবান্ন ও দলে জোর জল্পনা!

রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হওয়ার পর ১০০ দিন পূর্ণ হতে চলেছে। এই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে আগামী ২০ অগস্ট তিন দিনের সফরে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। গত ৪ মে নতুন সরকার শপথ গ্রহণ করার পর আগামী ১৯ অগস্ট ১০০ দিনের মাইলফলক স্পর্শ করবে।
দলীয় সূত্র অনুযায়ী, সফরকালে অমিত শাহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ২১ ও ২২ অগস্ট রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।
রাজনৈতিক মহলে চর্চা রয়েছে, এই সফরে তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন। পাশাপাশি বঙ্গ বিজেপির কোর কমিটি ও রাজ্য কমিটির সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। সব কিছু ঠিক থাকলে ২২ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিলিগুড়ির কাওয়াখালিতে একটি বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর, যেখানে সরকারের নতুন উদ্যোগ ও সিদ্ধান্তসমূহ তুলে ধরা হবে। এছাড়া, তিনি পাহাড়ে যাবেন কি না, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাজ পর্যালোচনা করাই এই সফরের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।