৬ মাসের সন্তান কোলে প্রাণনাশের হুমকি! অভিনয়ের জগত ছাড়তে চেয়েছিলেন বিক্রান্ত মেসি

অভিনেতা বিক্রান্ত মেসির কেরিয়ারের অন্যতম প্রশংসিত কাজ ‘দ্য সবরমতি রিপোর্ট’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে ও সমালোচকদের মহলে প্রশংসা কুড়ালেও, এর মুক্তির পর বিক্রান্তের ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল চরম বিপর্যয়। সম্প্রতি শেখর সুমনের এক চ্যাট শো-তে উপস্থিত হয়ে সেই কঠিন ও ভীতিপ্রদ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
শেখর সুমনের সঙ্গে কথোপকথনে বিক্রান্ত জানান, ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি তাঁর কাছে অত্যন্ত গর্বের। ছবিটি মুক্তির পর অনেকেই একে ‘প্রোপাগান্ডা’ বলে তকমা দেওয়ার চেষ্টা করলেও, মূলত এটি ২০০২ সালের একটি ভয়াবহ ট্রেন অগ্নিকাণ্ডের পেছনের সত্য ঘটনাকেই তুলে ধরেছিল।
তবে ছবি মুক্তির পর বিক্রান্তকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা ছিল অত্যন্ত তিক্ত। তিনি জানান, সেই সময় তাঁকে অগণিত কটূক্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। শুধু তা-ই নয়, তাঁর ব্যক্তিগত ফোন নম্বর এবং গাড়ির নম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এবং তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে।
সেই মানসিক চাপের কথা স্মরণ করে বিক্রান্ত বলেন, ওই সময় তাঁর সন্তানের বয়স ছিল মাত্র ছয় মাস। ফলে পরিবারকে নিয়ে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তাঁকে গ্রাস করেছিল। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে ওঠে যে, তিনি অভিনয় জগৎ থেকে চিরতরে অবসর নেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন।
তবে সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শক্তিও খুঁজে পেয়েছেন অভিনেতা। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন যে অন্যের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। তাঁর পরিবার ও প্রিয়জনেরাই তাঁর একমাত্র দায়িত্ব, এবং তিনি কেবল তাঁদের কাছেই জবাবদিহি করতে বাধ্য।