বারাণসী বিমানবন্দরে যাত্রীর বন্দুক থেকে ছুটল গুলি, শিশুসহ রক্তাপ্লুত ৪! কীভাবে ঘটল এই চরম বিপত্তি?

বারাণসী বিমানবন্দরে চেকিং চলাকালীন এক যাত্রীর আগ্নেয়াস্ত্র থেকে আচমকা গুলি চলে চরম চাঞ্চল্য ছড়াল। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ধরার সময় আজমগড়ের এক ব্যক্তি তাঁর বন্দুকটি নিরাপত্তারক্ষীদের চেকিংয়ের জন্য দেন। নথিপত্র পরীক্ষার সময় ভুলবশত এক রাউন্ড গুলি চলে যায়। এই আকস্মিক দুর্ঘটনায় বিমানে ওঠার অপেক্ষায় থাকা এক মহিলা ও এক শিশু আহত হন। একই সঙ্গে গুলিতে জখম হয়েছেন সেখানে কর্মরত এক মহিলা ও এক পুরুষ নিরাপত্তাকর্মীও।
ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা নিশ্চিত করেছেন যে, আগ্নেয়াস্ত্রটির নথিপত্র পরীক্ষার সময় অসাবধানতাবশত এই অঘটন ঘটেছে। তবে অতি সুরক্ষিত এই এলাকায় কীভাবে এমন মারাত্মক নিরাপত্তার গাফিলতি ঘটল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পুলিশ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।