দুর্গাপুরে দুষ্কৃতী ছিনতাইয়ের চেষ্টা! পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর, রণক্ষেত্র নবগ্রাম

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ডাকাতির মামলার আসামি ধরতে গিয়ে মারাত্মক হামলার মুখে পড়ল পুলিশ। অন্ডাল ও পাণ্ডবেশ্বর থানার যৌথ দল নবগ্রাম এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেরার পথে একদল দুষ্কৃতী ও স্থানীয় বাসিন্দা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের ওপর আচমকা হামলায় একাধিক পুলিশ কর্মী আহত হন।
হামলার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিয়ে ধৃতদের নিরাপদে থানায় নিয়ে আসা হয়। এরপর রবিবার সকালে ডিসিপি ইস্ট-এর নেতৃত্বে এলাকায় নতুন করে চিরুনি অভিযান শুরু করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিম। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডাঃ প্রণব কুমার জানান, ডাকাতির তদন্তে গিয়ে পুলিশ চারজনকে ধরেছিল। তাঁদের নিয়ে আসার সময় বাধা দিয়ে গাড়িতে হামলা চালানো হয়, যাতে দুজন পুলিশ কর্মী আহত হন। ঘটনার পর রবিবারেও অভিযান চালিয়ে হামলায় জড়িত বহু অভিযুক্তকে ধরা হয়েছে। বর্তমানে এলাকা থমথমে থাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।