কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনেই ছিঁড়ে দেওয়া হলো জামা! হাওড়ায় চরম হাতাহাতিতে জড়ালেন কংগ্রেস কর্মীরা

হাওড়া গ্রামীণ জেলার কংগ্রেস কার্যালয় উলুবেড়িয়ার অবনী বসু ভবনে আয়োজিত ‘সংগঠন সৃজন’ কর্মসূচিতে প্রকাশ্যে উঠে এলো দলের চরম গোষ্ঠী কোন্দল। কেরালার কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক কে পি শ্রীকুমারের উপস্থিতিতেই জেলা সভাপতি আলম দেওয়ানের ওপর চড়াও হন একদল বিক্ষুব্ধ কর্মী-সমর্থক। বচসা থেকে শুরু হওয়া হাতাহাতি ও ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় জেলা সভাপতির জামাকাপড়। বিক্ষুব্ধদের অভিযোগ, সভাপতি সকলকে নিয়ে চলছেন না এবং কর্মসূচির খবর গোপন রেখেছিলেন। তারা আলম দেওয়ানের পদত্যাগের দাবিও জানিয়েছেন।
এই অনভিপ্রেত ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েন কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কে পি শ্রীকুমার কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সংগঠন শক্তিশালী করতে হলে আরও সুশৃঙ্খল হওয়া প্রয়োজন। যদিও ঘটনাটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে ব্যাখ্যার চেষ্টা করেছেন তিনি, তবুও কোন্দল মেটাতে প্রতিটি কর্মীর সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসেন এই পর্যবেক্ষক। তিনি আশ্বাস দিয়েছেন, সমস্ত নেতাকর্মীর মতামত সংগ্রহ করে সরাসরি দিল্লি নেতৃত্বকে জানানো হবে। এই বিশৃঙ্খলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে জেলা সভাপতিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।