সেবকে রোমাঞ্চকর উদ্ধার! করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার, বাঁচালেন স্থানীয়রা

সেবকে রোমাঞ্চকর উদ্ধার! করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার, বাঁচালেন স্থানীয়রা

সেবকের বিখ্যাত করোনেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তিনি। শনিবার বিকেলের এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও ইতিম্যধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাদা স্কার্ট পরা ওই মহিলা হঠাতই সেতুর রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি চোখে পড়া মাত্রই সেতুতে উপস্থিত দুই ব্যক্তি দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে ধরে ফেলেন এবং রেলিং থেকে টেনে নিরাপদে নামিয়ে আনেন।

ঘটনায় সেতুর উপরে থাকা পর্যটক ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মহিলাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তবে উদ্ধার হওয়া মহিলার নাম-পরিচয় বা তিনি কী কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, করোনেশন সেতুতে প্রায় সারাদিনই পুলিশি টহল থাকে। তবুও এই ঘটনার পর সেতুতে নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। তাঁরা করোনেশন সেতুতে নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *