আর জি করে ফের যুবকের মৃত্যুতে ধুন্ধুমার! চিকিৎসায় চরম গাফিলতির বিস্ফোরক অভিযোগ নিয়ে লাইভে পরিবার

আর জি করে ফের যুবকের মৃত্যুতে ধুন্ধুমার! চিকিৎসায় চরম গাফিলতির বিস্ফোরক অভিযোগ নিয়ে লাইভে পরিবার

কলকাতা: আর জি কর হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত প্রীতম রায় (২৫) হাওড়ার বাসিন্দা। শনিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে আর জি করের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। তবে রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হলে পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করে। মৃতের স্বজনরা চিকিৎসার গাফিলতি ও চিকিৎসায় বিলম্বের অভিযোগ তুলে ট্রমা কেয়ারের সামনে থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তাঁরা ক্ষোভ উগরে দেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, শরীরে একাধিক গভীর ক্ষত, দু’টি পা ও কোমরের হাড় ভাঙা অবস্থায় প্রীতমকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল। ভর্তি করেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয় এবং রক্ত দেওয়া হলেও প্রচুর রক্তপাতের কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর ইতিমধ্যেই পৌঁছায় স্বাস্থ্য দপ্তর ও মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *