‘দিমাগি নকশাল’ মন্তব্যে তোলপাড় রাজনীতি, মোদির বার্তার জবাবে চিদম্বরমের বিস্ফোরক পোস্ট, পাল্টা তোপ রিজিজুর

স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ বার্তার পর তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বক্তৃতা প্রসঙ্গে মোদি বলেন, জঙ্গলের বন্দুকধারী নকশালদের দমন করা গেলেও সমাজের অলিগলিতে ঘাপটি মেরে থাকা মানসিক নকশালরা হিংসা ছড়ানোর সুযোগ খুঁজছে। এদের চিহ্নিত করে একঘরে করার আহ্বান জানান তিনি। এই বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন কংগ্রেস নেতা পি চিদম্বরম। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি গর্বিত দিমাগি নকশাল’। চিদম্বরমের এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক এক নতুন মাত্রা পায়, যা নিয়ে জাতীয় রাজনীতির অন্দরে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে।
চিদম্বরমের এই কটাক্ষের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট বিরোধীদের এই মন্তব্য করেননি। রিজিজুর মতে, যারা দেশের সংবিধান উপেক্ষা করে মাওবাদ ও বিচ্ছিন্নতাবাদকে সমর্থন জানায়, ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি তোলে কিংবা উত্তর-পূর্ব ভারতকে দেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে, তারাই মূলত ‘দিমাগি নকশাল’। এই বাকযুদ্ধের ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর দেওয়া এই সংজ্ঞার আওতায় বিরোধী রাজনৈতিক দলগুলিও চলে আসছে কি না।