মহাশঙ্কটে বাংলাদেশ: ১৬ ঘণ্টার অন্ধকার কাটাতে এক গুচ্ছ কড়া বিধিনিষেধ জারি সরকারের!

জ্বালানি সংকট ও টানা বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। গ্রামাঞ্চলে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলায় স্বাভাবিক জনজীবন, পড়াশোনা ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতীয় গ্রিডে চাহিদার তুলনায় কয়েক হাজার মেগাওয়াট ঘাটতি থাকায় সংকট সামাল দিতে দেশজুড়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাইনবোর্ডের আলো, মেলা, সাজসজ্জা ও রাতের অনুষ্ঠান আয়োজনেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়া এবং দেশে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিই এই পরিস্থিতির মূল কারণ। পাশাপাশি কয়লার অভাব, বেসরকারি কেন্দ্রগুলোর বকেয়া বিল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানি হ্রাস সংকটকে আরও জটিল করে তুলেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়ায় কঠোরভাবে নির্দেশিকা পালন নিশ্চিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিদ্যুৎ খাতের অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণেই আজ এই দুরবস্থা তৈরি হয়েছে।