বড় ঝটকা হেমন্ত-রাহুলকে, তুঙ্গে ক্ষোভ! ছাত্র আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার

ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় চরম অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীদের আন্দোলন রবিবার ২৩ দিনে পড়ল। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) পরীক্ষা বাতিল, সিবিআই তদন্ত বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন চালাচ্ছেন আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আগামী ২০ অগস্ট হেমন্ত সোরেনের সরকারি বাসভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি জটিল করে ছাত্র নেতারা এবার ‘জেল ভরো আন্দোলন’ এবং রাজ্যজুড়ে স্কুল-কলেজ বন্ধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।
শাসক জোটের রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগে রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, কংগ্রেস আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই দাবি না মানলে তাদের জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা উচিত। রাজ্য প্রশাসন থেকে দাবি করা হয়েছে যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং একাধিক গ্রেপ্তারও হয়েছে। তবে সেই আশ্বাসে আশ্বস্ত না হয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন ছাত্রপ্রতিনিধিরা। নিয়োগব্যবস্থার সার্বিক সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে পিছু হটবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।