আশিসের মৃত্যুতে শোকের ছায়া, রবিবারই রামপুরহাটে ঋতব্রতরা! কী বললেন নেতারা?

তৃণমূল কংগ্রেসের টানা পাঁচবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার অধ্যাপক আশিস ব্যানার্জির রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজ্য রাজনীতিতে। বীরভূমের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সারাজীবন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলেও রাজনীতির নানা অন্যায় মেনে নিতে না পারার মানসিক যন্ত্রণা তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সততা ও শিক্ষকতার আদর্শে বাঁচা এই সজ্জন রাজনীতিকের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই খবর পাওয়ামাত্রই শোকপ্রকাশ করে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। সঙ্গে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, ঋজু দত্ত ও নগেন্দ্রনাথ চক্রবর্তীর মতো শীর্ষ নেতারা। আশিস ব্যানার্জির প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে ঋতব্রত সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাঁর শিক্ষা ও রাজনৈতিক অন্তর্দৃষ্টি চিরকাল পাথেয় হয়ে থাকবে। সরকার বদলের পর রাজনৈতিক প্রেক্ষাপটের নানা ঘটনায় বর্ষীয়ান এই শিক্ষক ও নেতা অত্যন্ত ভেঙে পড়েছিলেন বলে জানান নেতৃত্ব। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।