দেশজুড়ে মিলবে চিকিৎসার সুবিধা! কোন কোন হাসপাতালে কার্যকর হচ্ছে নতুন স্বাস্থ্য বিমা যোজনা?
রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই দুই প্রকল্পের আওতায় রাজ্যের ১,২৪০টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। এর ফলে সুবিধাভোগীরা এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, বরং গোটা দেশজুড়ে প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত নন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা অত্যন্ত সহায়ক হবে এবং প্রায় ৮০ লক্ষ পরিবার এই সুবিধার আওতায় আসবে।
নতুন এই দুই স্বাস্থ্য প্রকল্পে প্রায় ১,৯৫০টি চিকিৎসা প্যাকেজ বা বিভিন্ন রোগের চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এছাড়া সরকারি হাসপাতালগুলিতে চুক্তিভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীরা ১০০টি ‘অমৃত’ ফার্মেসি এবং প্রায় ৪৮০টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র থেকেও প্রয়োজনীয় পরিষেবা সংগ্রহ করতে পারবেন। রাজ্য সরকারের এই সার্বজনীন স্বাস্থ্য উদ্যোগের ফলে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত খরচ অনেকটাই হ্রাস পাবে এবং উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।