অবশেষে আসছে বিগ বস বাংলা! সৌরভের সঞ্চালনায় কবে শুরু মহা রিয়্যালিটি শো?

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র। আগামী ৩০শে অগস্ট গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে পর্দা উঠতে চলেছে এই মেগা শো-এর। ৩১শে অগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টায় স্টার জলসা ও জিওহটস্টারে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। তবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হলেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি প্রথমবারের মতো এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ‘দুর্গ জয় সহজ নয়’ ট্যাগলাইন নিয়ে শুরু হওয়া এই শোয়ে তাঁর এন্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মাঝে উত্তেজনার পারদ চড়িয়েছে।
এই নতুন রিয়্যালিটি শোর সময় ঘোষণা হওয়ার ফলে স্টার জলসার একাধিক মেগা সিরিয়ালের সম্প্রচার সময়ে পরিবর্তন আনা হয়েছে। ৩০শে অগস্ট থেকে ‘প্রতিজ্ঞা’ মেগাটি পরিবর্তিত সময়ে সম্প্রচারিত হবে এবং অন্যান্য ধারাবাহিকের স্লটেও রদবদল ঘটেছে। এদিকে, ঘরের ভেতর প্রতিযোগীদের তালিকায় টলিপাড়ার একাধিক নামজাদা তারকা, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের নাম শোনা গেলেও চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা গোপন রাখা হয়েছে। সৌরভের কড়া নজরদারি ও ভিন্ন মেজাজে এই শো কতটা জমজমাট হয়, সেটাই এখন দেখার বিষয়।