ব্যাঙ্কক কানেকশনে ফের সোনার পাহাড়! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত ১.৩৫ কোটির সোনা

কলকাতা: থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে কলকাতায় সোনা পাচারের আরও একটি বড় চেষ্টা ব্যর্থ করল পুলিশ। সোমবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCBI) অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া এই সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর মেলে যে ব্যাঙ্কক থেকে এক বিমানে বিপুল পরিমাণ সোনা পাচার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এই খবরের ভিত্তিতে সোমবার সকালে বিমানবন্দর চত্বরে নজরদারি ও তল্লাশি জোরদার করে NSCBI বিমানবন্দর থানার পুলিশ। বিমানটি অবতরণ করার পর নির্দিষ্ট দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তাঁদের কাছ থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে সোনাটি ব্যাঙ্কক থেকেই আনা হয়েছিল।
কেন এত বিপুল পরিমাণ সোনা শহরে আনা হচ্ছিল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক পাচারচক্র যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত ৬ আগস্টও এই বিমানবন্দর এলাকা থেকে প্রায় কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধার করেছিল পুলিশ। মাত্র ১০ দিনের ব্যবধানে পুনরায় একই ঘটনা ঘটায়, আগের পাচারের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।