আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় রাহুলের বড় স্বস্তি: সুপ্রিম নির্দেশ এলাহাবাদ হাইকোর্টকে

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এলো সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে থাকা আয়-বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত মামলায় সমস্ত ধরণের তদন্তমূলক পদক্ষেপ এবং শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সোমবার এই মর্মে এলাহাবাদ হাইকোর্টকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সংগতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগ তুলে একটি আবেদন জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে সত্যতা যাচাইয়ের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন রাহুল গান্ধী।
মামলাটির শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, রাহুলের এই আবেদনটি নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে আর কোনো নতুন পদক্ষেপ নিতে পারবে না।