বিজেপির দুর্গে পিকের সার্জিক্যাল স্ট্রাইক, বাঁকিপুরে জয়ের পর বিধায়ক হিসেবে শপথ প্রশান্ত কিশোরের!

বিজেপির দুর্গে পিকের সার্জিক্যাল স্ট্রাইক, বাঁকিপুরে জয়ের পর বিধায়ক হিসেবে শপথ প্রশান্ত কিশোরের!

বিহারের রাজনীতিতে বড়সড় রদবদল। দীর্ঘদিন ধরে বিজেপির দখলে থাকা বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে সোমবারে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। পাটনায় বিহার বিধানসভা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পদে শপথ নেন। উল্লেখ্য, বিজেপির নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বাঁকিপুর আসনটি শূন্য হয়েছিল।

১৯৯৫ সাল থেকে এই কেন্দ্রটিকে ভারতীয় জনতা পার্টির একটি অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো। বিজেপির তরফ থেকে এবার নীরজ কুমারকে প্রার্থী করা হলেও তিনি সেই আসন ধরে রাখতে ব্যর্থ হন। ভোট কৌশলী থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোর ১৯,৩২৫ ভোটের বড় ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন।

শপথ নেওয়ার পর প্রশান্ত কিশোর আবেগপ্লুত হয়ে বলেন, শ্রীকৃষ্ণ সিং, কর্পূরী ঠাকুর, অনুগ্র নারায়ণ সিনহা, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব ও সুশীল কুমার মোদির মতো বিহারের হেভিওয়েট ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক বিধানসভার সদস্য হতে পারা তাঁর জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। এই নতুন পদকে তিনি একটি “গুরুত্বপূর্ণ দায়িত্ব” হিসেবে অভিহিত করেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

কোনো তথাকথিত ‘নিরাপদ’ আসন থেকে না লড়ে বাঁকিপুরের মতো বিজেপির শক্ত ঘাঁটি বেছে নেওয়া প্রসঙ্গে প্রশান্ত কিশোর জানান, বিহারের সাধারণ মানুষ যে এখন ধর্ম কিংবা জাতপাতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন, সেই স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি এই ঝুঁকি নিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *