রাজ্যের প্রথমবার মেগা কৌশল মহোৎসব, মিলবে ৭ হাজারের বেশি চাকরি!

রাজ্যে এই প্রথমবার আয়োজিত হতে চলেছে বৃহৎ কর্মসংস্থান মেলা বা ‘কৌশল মহোৎসব’। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হওয়া এই মেগা রোজগার মেলার মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সহায়তায় এবং স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের নামজাদা একাধিক বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উইপ্রো, টাটা গ্রুপ এবং অ্যাক্সিস ব্যাংকের মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলি এই মেলা থেকে প্রায় সাত হাজারেরও বেশি পদে সরাসরি নিয়োগের সুযোগ তৈরি করেছে।
মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পুরো আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তদারকি চালিয়েছিল জেলা প্রশাসন। মেলায় আগত প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ এবং তাঁদের কাজের দক্ষতা যাচাইয়ের মাধ্যমেই নিয়োগপত্র পাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশের যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে কেন্দ্র সরকারের এই উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগকে ঘিরে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।