কলকাতার ঘাড়ে গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের এই ৩ জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে (ডিপ্রেশন) পরিণত হয়েছে। এর ফলে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই অঞ্চলগুলিতে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা বা ‘ফ্ল্যাশ ফ্লাড’-এর ঝুঁকি তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া, রাস্তাঘাটে জল জমা এবং দুর্বল কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারও পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বজায় থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।